দীর্ঘ পাঁচ বছর ধরে ব্রেস্ট ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন গৃহবধূ সেলিনা বেগম (৫২)। চিকিৎসার খরচ বহন করতে গিয়ে হারিয়েছেন ভিটেমাটিসহ সহায়সম্বল বলতে যা ছিল সবই। টাকার অভাবে এখন তাঁর চিকিৎসা প্রায় বন্ধের পথে।
সেলিনা বেগম সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার কৃষক মুনসুর খাঁর স্ত্রী। স্বামী ও বাবার পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় তিনি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। কিন্তু পাঁচ বছর আগে ক্যান্সার ধরা পড়ার পর আর কাজে যেতে পারছেন না। বর্তমানে রোগটি মারাত্মক আকার ধারণ করায় শয্যাশায়ী হয়ে পড়েছেন তিনি। সেলিনা বেগম জানান, এখন আর শরীর চলে না, বিছানা থেকে উঠতে পারেন না। এলাকার মানুষের সহযোগিতায় কোনো রকম দুবেলা খাবার জুটলেও ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা চালানো তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না।
মুনসুর খাঁ বলেন, স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে জমিজমা যা ছিল, সবই বিক্রি করে দিয়েছেন। এখন মাথা গোঁজার মতো ভিটেমাটিটুকু শুধু আছে। তাদের এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে সেলিনা বেগম রাজধানীর ইবনে সিনা হাসপাতালের চিকিৎসক জাফর মোহাম্মদ মাসুদের অধীনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে কেমোথেরাপি ও অস্ত্রোপচার প্রয়োজন, যার জন্য বিপুল অঙ্কের অর্থ দরকার।
স্ত্রীকে বাঁচাতে মুনসুর খাঁ সমাজের সহৃদয় মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। আর্থিক সাহায্য পাঠানো যাবে এই মোবাইল ব্যাংকিং নম্বরে বিকাশ নম্বর: ০১৭৩২-৫০০০৪২ (ব্যক্তিগত)।