ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে জনতার হাতে এক চোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার দিবাগত রাতে উপজেলার নোয়াকাটি এলাকায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ঘটনার গভীর রাতে উপজেলার নোয়াকাটি পূর্ব পাড়া সুলতান সরদারের বাড়ির পার্শ্বে পাকা রাস্তার উপর বৈদ্যুতিক খাম্বায় পল্লী বিদ্যুতের ২৫কেভিএ একটি ট্রান্সফরমার সংঘবদ্ধ চোর চক্র চুরি করতে যায়।স্থানীয় জনতা তাদের উপস্থিতি টের পেয়ে ডুমুরিয়া সদরের ওয়াপদার মাথা এলাকার মিজান শেখের ছেলে সজীব শেখ (২৬) কে চোরাই ট্রান্সফরমার সহ আটক করলেও অজ্ঞাতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
পরে গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।এ ঘটনায় ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার শেখ মোঃ আব্দুস সালাম বাদি হয়ে ধৃত সজীব শেখ, পলাতক ইমদাদুল শেখ সহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।এ প্রসঙ্গে ওসি খন্দকার হাফিজুর রহমান জানান, মামলার এজাহার নামীয় ধৃত আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য এর আগে একই কায়দায় প্রায় ৩২টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে সূত্রে জানান।