সাব্বির খান ডালিম, উপজেলা প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীর দিনে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
সোমবার দিনব্যাপী তিনি ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ি মঠসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, পূজার আয়োজন ও ভক্তদের সুবিধা-অসুবিধার খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই মিলেমিশে উৎসব পালন করে। শারদীয় দুর্গোৎসব এখন আর শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।"
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকার, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, বিএনপি নেতা মোল্লা মোশারফ হোসেন মফিজ, সরদার আব্দুল মালেক, শেখ ফরহাদ হোসেন এবং ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোল্লা মসিউর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সংসদ সদস্যকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য তাকে ধন্যবাদ জানান।