নুরুজ্জামান সাকিব, খুলনা জেলা : খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ৫ নং ভান্ডারকোট ইউনিয়নের ঐতিহ্যবাহী কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবাগত শিক্ষকদের বরণ অনুষ্ঠান আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি'র সভাপতি ও বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জননেতা জনাব শফিকুজ্জামান মলঙ্গী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোঃ মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবাগত শিক্ষকদের ফুলের মালা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থী ও পরিচালনা কমিটির সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুজ্জামান মলঙ্গী বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে সকল শিক্ষার মূল ভিত্তি। এই ভিত্তি যদি মজবুত হয়, তাহলে জাতি মজবুত হবে। আমি বিশ্বাস করি, নবাগত মেধাবী শিক্ষকদের যোগদানের ফলে কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় শিক্ষাবান্ধব কর্মসূচিতে বিশ্বাসী। ভবিষ্যতে এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সভাপতির বক্তব্যে মোঃ মুস্তাফিজুর রহমান নবীন শিক্ষকদের স্বাগত জানিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।