জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাজ্জাদ হোসাইনের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন সাজ্জাদ হোসাইন। সেখানে তিনি লেখেন, ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’
পোস্ট দেওয়ার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
শোকজের বিষয়ে সাজ্জাদ হোসাইন বলেন, সংগঠনের প্রতি আমার শতভাগ আনুগত্য রয়েছে। পোস্ট ঘিরে শোকজ করা হলে আমি নিয়ম অনুযায়ী সাংগঠনিক ফোরামে যথাযথ জবাব দেব। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে মূলত বিষয়টি তুলে ধরতেই তিনি পোস্টটি দিয়েছিলেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ নতুন করে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, অকটেন ১৬৫ টাকা ও পেট্রল ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার থেকে কার্যকর হয়েছে।