November 2, 2026, 3:10 am

দিঘলিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

Reporter Name

দিঘলিয়া প্রতিনিধি:মোঃ রুবেল শেখ : খুলনার দিঘলিয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন চাচা, চাচি ও চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর তিনজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজীগ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় রোববার সকালে জমিতে সবজি রোপণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হন। আহতদের মাথায় জখম হয়েছে এবং হাত ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।

আহতদের মধ্যে ইমরান হোসেন (৩৭) ও মইন শেখ (৪৩) দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে হাফিজুর রহমান (৫৮), নাসিমা বেগম (৩৮) ও নাহিদুর রহমান (২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষ দিঘলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অনুপ কুমার চৌধুরী জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। প্রথমে তাঁদের চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে আসতে হবে। এরপর এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হবে।