November 2, 2026, 1:38 am

সুন্দরবনে বনদস্যুদের উৎপাত, জেলেদের বিক্ষোভ

Reporter Name

সুন্দরবনে বনদস্যুদের দৌরাত্ম্য বন্ধ ও বনজীবীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করেছেন উপকূলীয় এলাকার বাসিন্দা এবং বনজীবীরা। কর্মসূচির শেষ দিনে মাছ ধরার জাল পুড়িয়ে বিক্ষোভ করেন তারা।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজারে এবং বেলা ১১টার দিকে উপজেলা সদরে গাবুরা ইউনিয়নের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে সুন্দরবননির্ভর জেলে, বাওয়ালি, মৌয়ালসহ উপকূলীয় এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। পরে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে স্মারকলিপি দেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, সুন্দরবনে মাছ, কাঁকড়া ও মধু আহরণে যেতে হলে বিভিন্ন বনদস্যু বাহিনীকে টাকা দিতে হচ্ছে। কোনো কোনো বাহিনী নৌকা প্রতি ৭০ হাজার থেকে ১ লাখ টাকা বা তার বেশি দাবি করছে। টাকা দেওয়ার পর জেলেদের হাতে নির্দিষ্ট নম্বর লেখা কাগজ বা নোট দেওয়া হয়, যা দেখিয়ে বনে প্রবেশ করতে হয়। টাকা দিতে না চাইলে মারধর, নির্যাতন ও অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাদের।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল্লাহ পাটোয়ারী বলেন, বনদস্যুদের বিরুদ্ধে পুলিশের তদন্ত চলমান রয়েছে। নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে তথ্য পাওয়া গেলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনে জেলে ও বনজীবীরা যাতে নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারেন, সে জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজন হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যৌথ টাস্কফোর্স গঠনের বিষয়টিও বিবেচনা করা হবে।