November 2, 2026, 6:28 am

গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, ভাঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট

Reporter Name

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুরের কালিয়াকৈরে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এ সময় অর্ধশতাধিক যানবাহন ও দোকানপাটে ভাঙচুর চালানো হয়।

সকাল সাড়ে ৮টা থেকে উপজেলার পল্লীবিদ্যুৎ ও মৌচাক এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এগিয়ে আসেন। এ সময় শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

শ্রমিকদের আন্দোলন ও ভাঙচুরের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও হরিণহাটি এলাকার আশপাশের শিল্পকারখানাগুলো বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিক্ষোভের জেরে মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন শ্রমিকেরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের আবাসিক এলাকাতেও।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তিনি আরও জানান, ঘটনাস্থলে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন।