November 2, 2026, 4:18 am

সরুলিয়ায় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ জিল্লুর রহমানের গণসংযোগ, উন্নয়ন ও জনকল্যাণে কাজের অঙ্গীকার

Reporter Name

ডেস্ক রিপোর্ট: মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, এলাকার উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় নিয়ে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সরুলিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি এ গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময়, এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

গণসংযোগকালে শেখ জিল্লুর রহমান বলেন, সরুলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করতে চান। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে সার্বক্ষণিক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। জনগণের প্রত্যাশা পূরণ এবং এলাকার মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবেন বলেও জানান। এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, একটি সুন্দর, উন্নত ও জনকল্যাণমুখী ইউনিয়ন গড়ে তুলতে হলে সাধারণ মানুষের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে তাঁদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই তাঁর লক্ষ্য। এদিকে গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শেখ জিল্লুর রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। গণসংযোগে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি, জাসাস ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সমর্থকেরা উপস্থিত ছিলেন।