September 17, 2026, 11:04 pm
শিরোনাম:
কেশবপুর ১২২ জন ডেঙ্গু রোগ আক্রান্ত নেই মশা নিধনের কার্যক্রম সাগরদাঁড়িতে আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে মশা নিধন কেশবপুরে গলায় ফাঁস দিয়ে এক মহিলার আত্মহত্যা দিঘলিয়ায় স্কুল বন্ধ নয়, কুকুরের ভয়ে সিঁড়ির গেটে তালা দিয়ে উপরে চলছে ক্লাস মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন মো. রনি ইসলাম ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে এক লক্ষ আট হাজার টাকা জরিমানা আদায় জবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ শিক্ষার্থী সাংগঠনিক কিংবা রাজনৈতিক মাঠ পর্যায়ে গুছিয়ে উঠতে পারছে না বিএনপি ভয়ভীতি দেখিয়ে পদত্যাগ, দুই বছরেও স্বপদে ফিরতে পারেননি-অধ্যক্ষ অদ্রীস আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

বিএনপির সংসদীয় দলের সভায় সার আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন

Reporter Name

বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সার সরবরাহ স্বাভাবিক রাখা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলাকে প্রাধান্য দেওয়া হয়েছে।  গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, বিদ্যুৎ ও সার সংকট বিষয়ে দলীয় সংসদ সদস্যদের (এমপি) ব্রিফ করেন সংশ্লিষ্ট মন্ত্রীরা। সারের বিষয়ে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ পরিস্থিতি তুলে ধরেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কৃষিমন্ত্রী সংসদ সদস্য না হওয়ায় সমাজকল্যাণমন্ত্রী সারের বিষয়ভিত্তিক হালনাগাদ তথ্য দেন।

সভায় তৃণমূলের মানুষের কাছে সরকারের অবস্থান সঠিকভাবে তুলে ধরা এবং যে কোনো ধরনের অপপ্রচারের কড়া জবাব দেওয়ার জন্য দলীয় সংসদ সদস্যদের (এমপি) নির্দেশ দেওয়া হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অবকাঠামোর কারণে বিদ্যুতের বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান এখনই সম্ভব নয়। তবে শহর ও গ্রামের মধ্যে লোডশেডিংয়ের ভারসাম্য রক্ষায় সরকার কাজ করছে।

সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন জানান, দেশে সারের পর্যাপ্ত মজুত রয়েছে। সরবরাহ প্রক্রিয়ায় যেন কোনো ধরনের ‘স্যাবোটাজ’ বা নাশকতা না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পলাতক ডিলারদের স্থানে নতুন ডিলার নিয়োগ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠনের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ দলীয় এমপিদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, দেশে ‘মব কালচার’ কোনোভাবেই সহ্য করা হবে না। এতে দলের কেউ যুক্ত থাকলেও ছাড় দেওয়া হবে না এবং আইন তার নিজস্ব গতিতে চলবে।

বৈঠকে কয়েকজন এমপি বিগত সরকারের আমলে বিরোধী দলের ওপর নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাদের এখনও বহাল থাকার অভিযোগ তুললে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের সুনির্দিষ্ট তালিকা দেওয়ার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সরকারের বিরুদ্ধে চলা অপপ্রচারের জবাব দেওয়ার জন্য মাঠ পর্যায়ে সক্রিয় থাকার পরামর্শ দেন। তিনি বলেন, বিদ্যমান সংকট নিয়ে মন্ত্রীরা যে ব্রিফিং করেছেন, তার সঠিক বার্তা যেন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়।

এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে মন্ত্রী ও সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় উপস্থিত থাকার কড়া নির্দেশ দেন তারেক রহমান। স্থানীয় সরকার নির্বাচন (বিশেষ করে ইউনিয়ন পরিষদ) উপলক্ষে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন দেওয়া এবং দলের ভেতর যেন কোনো ধরনের কোন্দল সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে সব সংসদ সদস্য ও মন্ত্রীকে নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেন। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে যেসব প্রচার, অপপ্রচার বা প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকা এবং এর জবাব দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রীরা সভায় যে ব্রিফিং করেছেন, তা যেন সংসদ সদস্যরা নিজ নিজ এলাকায় মানুষের কাছে পৌঁছে দেন, যাতে সরকার সম্পর্কে মানুষ ভুল না বোঝে। বিদ্যুৎ-জ্বালানি, সার ও গ্যাস সংকট বিষয়েও মানুষকে অবহিত করার জন্য দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দেন তিনি। একাধিক সংসদ সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সতর্ক করে বলেন, যেহেতু আগামী স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না, সে ক্ষেত্রে ত্যাগীদের বাদ দেওয়া ঠিক হবে না। অনেক এমপি তাদের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার চেষ্টা করছেন; তরুণদের সামনে আনছেন। এটা যেন তৃণমূলের নেতাদের সঙ্গে সমন্বয় করে করা হয়, যাতে তৃণমূল পর্যায়ে কোনো ক্ষোভ বা প্রশ্নের মুখোমুখি হতে না হয়।’ দলের নেতাকর্মীদের মধ্যে কোনো ধরনের দূরত্ব বা বিরোধ সৃষ্টি করা যাবে না বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সংসদ সদস্য বলেন, সারের সংকট কাটাতে আগামী দুই-এক দিনের মধ্যে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে সংশ্লিষ্টরা কাজ শুরু করেছেন। সার সরবরাহ ও বিতরণ যাতে যথাযথভাবে হয়, সেদিকেও সরকার কড়া নজর রাখছে। এ বিষয়ে কেউ অপপ্রচার যাতে চালাতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।