ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : গোপন বৈঠকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে খুলনার ডুমুরিয়া থানায় আওয়ামী লীগের ৪৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা হয়েছে। এদের একজন স্থানীয় সাংবাদিক। গত সোমবার সন্ত্রাসবিরোধী আইনে এই মামলা করেন উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি। মামলার এজাহারে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়ার অভিযোগও তুলেছেন। ইতোমধ্যে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এজাহারে বলা হয়, গত শুক্রবার রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামে একটি বাগানবাড়িতে ডুমুরিয়া ও পাশের ফুলতলা উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী সমবেত হন। সেখানে তারা বর্তমান সরকারকে উৎখাত ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠকে মিলিত হন। সেখানে তারা শেখ হাসিনাকে পুনরায় দেশে ফিরিয়ে আনা, সরকারবিরোধী ঝটিকা মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর শপথও নেন।
তাদের কর্মকাণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে বিএনপি নেতা রব আকুঞ্জি ডুমুরিয়া থানায় মামলা করেন। এতে এজাহারভুক্ত আসামি হিসেবে উপজেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতার নাম রয়েছে। অধিকাংশ সাবেক জনপ্রতিনিধি। এ ছাড়া শিক্ষক-সাংবাদিকও রয়েছেন। উল্লেখযোগ্য আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম; সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, মোস্তফা কামাল খোকন ও সরদার আব্দুল গনি; জেলা পরিষদের সাবেক সদস্য শোভা রানী হালদার ও হাসনা হেনা; উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শারমিনা পারভিন রুমা প্রমুখ।