সাব্বির খান ডালিম স্টাফ রিপোর্টার : দীর্ঘ ১৩ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবশেষে অবসরে গেলেন খুলনা জেলার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার মণ্ডল। রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় বিপুল ভালোবাসা ও অশ্রুসিক্ত সংবর্ধনার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
বিদ্যালয় সূত্র জানায়, শংকর কুমার মণ্ডল ২০১৩ সালের ১ জুন গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত দীর্ঘ সময় ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব দক্ষতার সাথে পরিচালনা করেন। তাঁর সময়কালে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে তিনি প্রশংসনীয় ভূমিকা রাখেন।
বিদায়বেলায় প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করেন বিদ্যালয়ের সহকর্মী শিক্ষকবৃন্দ, প্রিয় কোমলমতি ছাত্র-ছাত্রী এবং স্থানীয় সর্বস্তরের জনগণ। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের চোখের জলে বিদায় নেন এই দূরদর্শী শিক্ষাগুরু।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “শংকর স্যারের মতো একজন নীতিবান ও নিবেদিতপ্রাণ শিক্ষক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত। তাঁর চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।” এলাকাবাসীর পক্ষ থেকেও বিদায়ী প্রধান শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করে।