ডুমুরিয়া উপজেলা প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া বাজারে ‘আব্দুল্লাহ বীজ ভান্ডারের ব্যবসায়ী দেশী শসার বীজ বলে মেটাল শীট নামীয় খিরাইয়ের বীজ বিক্রি করার অভিযোগ উঠেছে।
জানা যায়, প্রায় ৩ মাস আগে ডুমুরিয়া দুধ বাজারে অবস্থিত ‘আব্দুল্লাহ বীজ ভাণ্ডার’এর মালিক মোঃ আবু বক্কার সিদ্দিক বাবুর কাছ থেকে দেশি শসার বীজ চান কৃষক মোঃ আরিফুল মোল্যা ।
এ সময় দোকান মালিক তার কাছে দেশি শসার বীজ বলে ‘মেটাল সিড’ কোম্পানির ১৪ প্যাকেট বীজ বিক্রয় করেন। কৃষক যথারীতি জমি প্রস্তুত করে বীজ রোপণ করেন এবং যত্ন নেন। কিন্তু গাছে ফলন আসার পর দেখা যায় শসার বদলে ধরেছে খিরাই। এতে স্পষ্ট হয় যে প্যাকেটের গায়ে শসার কথা লেখা থাকলেও বাস্তবে ভেতরে ছিল খিরাইয়ের বীজ। ফলে কায়িক পরিশ্রম ও অর্থ বিনিয়োগ করেও কাঙ্ক্ষিত ফসল না পেয়ে ওই কৃষকের প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
মোঃ আরিফুর মোল্লা হতভাগ হয়ে আব্দুল্লাহ বীজ ভান্ডারের মালিক মোঃ আবু বক্কার সিদ্দিক ওরফে বাবুর কাছে জানতে চাইলে কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও ক্ষতির হুমকি দেন । ভুক্তভোগী কৃষক দিশেহারা হয়ে উপজেলা কৃষি অফিসার মোসাঃ নাজমুল হুদার কাছে লিখিত অভিযোগ করেন ।
এ ব্যপারে আব্দুল্লাহ বীজ ভান্ডারের মালিক মোঃ আবু বক্কার সিদ্দিক ওরফে বাবুর কাছে জানতে চাইলে তিনি জানান আমি বীজের লাইসেন্স করে ব্যবসা করতে বসেছি আমার ভুল নাই,মেটাল সিড নামীয় কোম্পানির প্যাকেটের বীজ বিক্রি করেছি তাতে শসা বীজ থাকার কথা থাকলেও প্যাকেটের ভেতরে খিরাই’র বীজ থাকলে আমার কি করার ওটা তো মেটাল সিড বীজ কোম্পানির ব্যাপার। আপনি কম্পানির লোকের সাথে কথা বলুন।
ঘটনার সত্যতা যাচাই করতে মেটাল সিড কোম্পানির ডুমুরিয়া এরিয়া ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে আমার উর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে পরবর্তীতে আপনাকে জানাতে পারব। ভুক্তভোগী কৃষক অনতিবিলম্বে তার আর্থিক ক্ষতিপূরণ এবং ওই অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
লিখিত অভিযোগের বিষয়ে ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসাঃ নাজমুল হুদা বলেন,আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট দোকান ও বীজ সরবরাহকারী কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।