নুরুজ্জামান সাকিব : খুলনায় এক ইতালি প্রবাসীর ক্রয়কৃত জমি বেআইনিভাবে দখল ও বাউন্ডারি প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে পুলিশের এক এএসআইয়ের বিরুদ্ধে। গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে নগরীর সাউথ সেন্ট্রাল রোড কয়লাঘাট স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে বলে ভুক্তভোগী অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, খুলনা জেলার তেরখাদা থানার পানতিতা গ্রামের আব্দুল বাকি মোল্লার ছেলে এএসআই সোহাগ মোল্লা পুলিশের ক্ষমতার অপব্যবহার করে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ইতালি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন (সানি) জানান, তিনি খুলনা টুটপাড়া মৌজার আর এস ৬৯২১ খতিয়ানের আর এস ৫৪৫২ নং দাগের ৩২১.৫০ অযুতাংশ জমি ক্রয় করে সরকারি নিয়ম অনুযায়ী নামজারী ও জমাভাগ সম্পন্ন করেন। এরপর থেকে তিনি ওই জমি ভোগদখল করে আসছিলেন। তিনি অভিযোগ করেন, তার বোন ব্যক্তিগত প্রয়োজনে ঢাকায় অবস্থান করার সুযোগে গত ২৩ অক্টোবর সকালে এএসআই সোহাগ মোল্লা ১৫-২০ জনের একটি দল নিয়ে বেআইনিভাবে তার জমিতে প্রবেশ করে বাউন্ডারি প্রাচীর ও বাড়ি ভাঙচুর করেন এবং জমিটি দখলের চেষ্টা চালান।
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, দখলের চেষ্টা ব্যর্থ হওয়ার পর উল্টো তাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন পত্র-পত্রিকায় ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। স্থানীয়দের বরাতে ভুক্তভোগী আরও দাবি করেন, অভিযুক্ত এএসআই ক্ষমতার প্রভাবে এলাকায় নানা বেআইনি কর্মকাণ্ডে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত এএসআই সোহাগ মোল্লার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এই অন্যায় ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী মোঃ শাহাদাত হোসেন (সানি)। তিনি তার জানমালের নিরাপত্তা ও ক্রয়কৃত জমির অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।