November 2, 2026, 6:45 am

খুলনায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী হাতেনাতে গ্রেপ্তার

Reporter Name

খুলনা নগরীর সদর থানার চানমারি শিপইয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপের’ দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এসআরবি-৬ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন খুলনা সদর থানার চানমারি বাজার এলাকার সওগাতুল আলম ছগীরের ছেলে ছাহিল মাহমুদ (২৫) এবং লবণচরা থানার মোহাম্মদিয়া পাড়া এলাকার বারেক হাওলাদারের ছেলে শাহাদাত হোসেন শুভ (২৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত ভোর রাত ৩টা ৩৫ মিনিটে কেএমপির খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড ও চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় অস্ত্রসহ ওই দুই সন্ত্রাসীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।