November 2, 2026, 2:50 am

ডুমুরিয়ায় ৬ শতাধিক মৎস্যজীবীর মাছ আহরণে সমুদ্রে যাত্রার প্রস্তুতি

Reporter Name

সাব্বির খান ডালিম স্টাফ রিপোর্টার : খুলনার ডুমুরিয়া উপজেলায় ৬ শতাধিক মৎস্যজীবী সমুদ্রে মাছ আহরণের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিনের অপেক্ষা শেষে সমুদ্রে যাওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। মাছ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর প্রত্যাশা করছেন এসব মৎস্যজীবী। সমুদ্রে মাছ ধরার জন্য রাতদিন প্রয়োজনীয় জাল, নৌযান, খাদ্যসামগ্রী, জ্বালানি ও অন্যান্য সরঞ্জাম প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি সমুদ্রযাত্রাকে নিরাপদ করতে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

উপজেলা সিনিয়র মৎস্য অফিস সূত্রে জানা যায়,চলতি মৌসুমে উপজেলার ডুমুরিয়া. গোলনা.. খর্নিয়া মঠবাড়িয়া,বরাতিয়া,চুকনগর,মাগুরাঘোনা,হাসানপুর, শরাফপুর, সাহস জেলে পল্লী থেকে ৬ শতাধিক মৎস্যজীবি তাদের নৌযান নিয়ে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে। সমূদ্রে মা ইলিশ সংরক্ষণ অভিযান গতকাল শেষ হয়েছে। মৎস্য আহরণকে কেন্দ্র করে জেলে পরিবারগুলোর মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে সমুদ্রে মাছের প্রাপ্যতা, আবহাওয়া এবং জ্বালানি ও অন্যান্য উপকরণের ব্যয় নিয়ে তাঁদের মধ্যে উদ্বেগও রয়েছে।

মঠবাড়িয়া জেলেপাড়ার নারায়ন বিশ্বাস,তারাপদ বিশ্বাস,বরাতিয়া এলাকার মিন্টু বিশ্বাস সহ একাধিক মৎস্যজীবি জানান,আমরা প্রতি বছর সমূদ্রে মাছ ধরতে যাই বাপ দাদার আমল থেকে।এতে আমাদের অত্যন্ত ঝুঁকির মধ্য দিয়ে জীবন জীবিকা চলে। মৎস্যজীবীরা আশা করছেন, সমুদ্রে পর্যাপ্ত মাছ পাওয়া গেলে তাঁদের দীর্ঘদিনের আর্থিক সংকট কিছুটা লাঘব হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা ও নিরাপদে মাছ আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

এ প্রসঙ্গে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রিগান বলেন,চলতি মৌসুমে ডুমুরিয়া থেকে ছয় শতাধিক মৎস্যজীবি সমূদ্রে মাছ আহরণে আজ থেকে যাত্রা শুরু করবে।ইতোমধ্যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।