এস মেহেদী হাসান,ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত টিএইচও দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। আগে যেখানে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতার চিত্র চোখে পড়ত, বর্তমানে সেখানে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ দেখা যাচ্ছে।
হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা, আঙিনা ও আশপাশের এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ফলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। কথা হয় হাসপাতালে ভর্তি ও চিকিৎসা সেবা নিতে আসা রাবেয়া বেগম, সাইফুল ইসলাম সহ একাধিক ব্যক্তির সাথে। তারা জানান,এর আগে হাসপাতালে ঢুকতেই ময়লা আবর্জনার স্তূপ, ওয়ার্ডে নানা দুর্গন্ধ এবং বাথরুমে ঢুকতে হলে নাকে মুখে কাপড় না দিয়ে ঢুকাই মুশকিল ছিল।
এছাড়া জরুরী বিভাগের চিত্র ছিল আরও ভিন্ন।কিন্তু ১০/১২ দিনের মধ্যে দেখছি পুরো হাসপাতাল পরিচ্ছন্নতায় আমুল পরিবর্তন। স্থানীয়রা বলছেন, হাসপাতালের চিকিৎসাসেবার পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারপ্রাপ্ত টিএইচও দায়িত্ব নেওয়ার পর এ ক্ষেত্রে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তারা মনে করছেন।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাঃ শেখ আরাফাত মাহমুদ ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রিফাত হাসান বলেন, সরকারি দায়িত্ব পালনে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন পরিবেশ গড়তে আমরা সকলকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করছি।আশা করি আমাদের এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। হাসপাতাল কর্তৃপক্ষের এমন উদ্যোগ অব্যাহত থাকলে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও সুন্দর, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।