ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় মাদক সেবনের অভিযোগে তিন মাদকসেবীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অমিত কুমার বিশ্বাস এ আদেশ প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন দুপুরে থানা পুলিশের এসআই আলামিন মুন্সী, আমজাদ হোসেন ও আশিক রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চুকনগর এলাকায় অভিযান চালায়।
এ সময় মাদক সেবন অবস্থায় কেশবপুর উপজেলার সন্ন্যাশগাছা গ্রামের অলিয়ার রহমানের ছেলে রিফাদ হোসেন (১৯), কামরুল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯) ও চিংড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে ইয়াসিন শেখ (২৯) কে আটক করা হয়। এরপর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়েছে।