এস কে রবিউল ইসলাম, খুলনা: খুলনার হরিনটানা থানা এলাকায় ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে হামলা চালিয়ে মনজুরুল নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এ সময় সন্তানকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীদের রামদার কোপে তার বাবাও গুরুতর আহত হন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সময় ১৫-২০ জনের একটি দলবদ্ধ সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে মনজুরুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
ছেলের আকুতি ও ওপর হামলার দৃশ্য দেখে তার বাবা তাকে বাঁচাতে ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুলকে মৃত ঘোষণা করেন। তার বাবার অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।হরিনটানা থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।