November 5, 2026, 12:33 pm

খুলনায় প্রকাশ্যে মনজুরুলকে গুলি ও কুপিয়ে হত্যা, বাঁচাতে গিয়ে বাবাও গুরুতর আহত

রবিউল

​এস কে রবিউল ইসলাম, খুলনা: খুলনার হরিনটানা থানা এলাকায় ১৫ থেকে ২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী প্রকাশ্যে হামলা চালিয়ে মনজুরুল নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এ সময় সন্তানকে বাঁচাতে এগিয়ে গেলে সন্ত্রাসীদের রামদার কোপে তার বাবাও গুরুতর আহত হন।

​স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ঘটনার সময় ১৫-২০ জনের একটি দলবদ্ধ সন্ত্রাসী বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে মনজুরুলের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
​ছেলের আকুতি ও ওপর হামলার দৃশ্য দেখে তার বাবা তাকে বাঁচাতে ছুটে এলে সন্ত্রাসীরা তাকেও ধারালো রামদা দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।

​পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরুলকে মৃত ঘোষণা করেন। তার বাবার অবস্থা সংকটাপন্ন হওয়ায় হাসপাতালে তার চিকিৎসা চলছে।​হরিনটানা থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।