চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আশিকুর রহমান (১৩) নামে এক স্কুলছাত্র বিষপান করে আত্মহত্যা করেছে। আজ বুধবার ভোরে তার মৃত্যু হয়। আশিকুর রহমান উপজেলার বেগুয়াখালি চরপাড়া গ্রামের দিনমজুর কৃষক চুন্নু রহমানের ছেলে। সে জে সি বি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
জামজামি ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, কয়েকদিন ধরে আইফোন কিনে দেওয়ার জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরেছিল আশিকুর। কিন্তু অভাবের কারণে ছেলেকে ফোন কিনে দিতে পারেননি তার মা-বাবা। আইফোন কিনে না দেওয়ায় গত সোমবার তার নিজের ব্যবহৃত স্মার্টফোনটিও ভেঙে ফেলে সে।
পরে মঙ্গলবার বিকেলে বাবা-মায়ের ওপর অভিমান করে বিষপান করে। পরিবারের সদস্যরা তাকে প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, স্কুলছাত্রের আত্মহত্যার ঘটনায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।