আরব আমিরাতের দুবাই অন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে জাপানের কারোগি স্পোর্টস পার্ক। ১০ দিনের ব্যবধানে দুটি দেশে দুটি ভিন্ন টুর্নামেন্টের সেমিফাইনালে ভারতের মুখোমুখি হলো বাংলাদেশ। নারী এশিয়া কাপের মতো আজ এশিয়ান গেমসের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। হারমানপ্রীত কৌরদের ৪ উইকেটে ১৯৫ রান তাড়া করতে নেমে নিগার সুলতানার দল হেরেছে ১১৪ রানে।
এই হারে এশিয়ান গেমস ক্রিকেটে সোনার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে পদকের আশা শেষ হয়ে যায়নি। মঙ্গলবার ব্রোঞ্জের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। আজ এশিয়ান গেমস নারী ক্রিকেটের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে ৮ উইকেটে হেরেছে তারা।
১০ সেপ্টেম্বর দুবাইয়ে যেভাবে হেরেছিল বাংলাদেশ, আজ জাপানের মাটিতেও প্রায় একই দৃশ্যের মঞ্চায়ন। দশ দিন আগের ম্যাচটিতে ভারতকে ১৪৯ রানের পুঁজি এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন শেফালি বর্মা। ডানহাতি এ ব্যাটার খেলেছিলেন ৪০ বলে ৬৪ রানের ইনিংস।
আজও সেই শেফালিই ভারতকে অর্ধেকের বেশি রান এনে দিয়েছেন। ভারত ২০ ওভার ব্যাট করে তুলেছে ৪ উইকেটে ১৯৬। শেফালি একাই ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থেকেছেন।রান তাড়ার চিত্রটা অবশ্য একটু ভিন্ন। এশিয়া কাপের ম্যাচটিতে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১০৯ রানে আটকে যাওয়ায় ম্যাচ হেরেছিল ৪০ রানে। আজ বাংলাদেশের ইনিংস পুরো ২০ ওভারে টেকেনি। রানও এক শ পেরোয়নি। ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরেছে ১১৪ রানের বড় ব্যবধানে।