November 5, 2026, 11:15 am

ডুমুরিয়ায় কোটি কোটি টাকার প্রকল্পে কাটেনি জলাবদ্ধতা, নৌকাই ভরসা শিক্ষার্থীদের

Reporter Name

সাব্বির খান ডালিম, ডুমুরিয়া : কোটি কোটি টাকা ব্যয়ে খাল খনন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও নানা প্রতিশ্রুতির পরও জলাবদ্ধতার স্থায়ী সমাধান হয়নি। টানা চার বছর ধরে পানিবন্দি জীবন কাটাচ্ছেন খুলনার ডুমুরিয়া উপজেলার মুজারঘুটা, বারানশি, বটবেড়া সাজিয়াড়া মাধবকাটি ও সাড়াবেটা গ্রামের হাজারো মানুষ। বর্ষা মৌসুমে এসব গ্রামের প্রায় ৯৯ শতাংশ মানুষের চলাচলের পথ পানিতে তলিয়ে যায়। ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভাড়ার নৌকা।

সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে কৃষ্ণনগর এমবিবিএস মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী। বছরের বড় একটি সময় নৌকায় করে তাদের বিদ্যালয়ে যেতে হয়। নৌকা থেকে নেমে আবার হেঁটে স্কুলে পৌঁছাতে হয়। প্রতিদিন নৌকা ভাড়া গুনতে হয় অভিভাবকদের। নিরাপত্তার ঝুঁকিতে অনেক অভিভাবক সন্তানদের স্কুলে পাঠানোও বন্ধ করে দিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, উন্নয়নের নামে একের পর এক প্রকল্প নেওয়া হলেও দুর্ভোগ কমেনি। বরং জলাবদ্ধতাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপড়েন। নির্বাচনের আগে কৃষ্ণনগরবাসীকে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও ভোটের পর তার বাস্তবায়ন দেখা যায় না।

বটবেড়া গ্রামের অভিভাবক প্রকাশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল ও রিপন মণ্ডল এবং বারানশি গ্রামের রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে নিজেদের উদ্যোগে ভাড়ায় নৌকা নিয়ে শিক্ষার্থীদের যাতায়াত করাতে হচ্ছে। ছোট শিশুদের নিয়ে এভাবে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান কুমার রায় বলেন, শিক্ষার্থীদের এ দুর্ভোগ দীর্ঘদিনের। রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিত বালা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হচ্ছে। রাস্তা সংস্কারে বালি দেওয়ার কাজ চলছিল, কিন্তু অতিরিক্ত পানির কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট অধিদপ্তরের নজরে আনা হয়েছে।

শিক্ষক মহেশ্বর বলেন, বিল ডাকাতিয়ার পানিতে বর্ষা মৌসুমে কয়েকটি গ্রামের বাড়িঘর ও সড়ক ডুবে থাকে। বছরের বড় একটি সময় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে ওঠে নৌকা। এলাকাবাসীর দাবি, শুধু খাল খনন বা সাময়িক প্রকল্প নয়—জলাবদ্ধতার স্থায়ী সমাধানের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য দ্রুত স্থায়ী সড়ক যোগাযোগ নিশ্চিত করতে হবে।