November 5, 2026, 11:15 am

মা ও নিজের চিকিৎসায় কঠিন সময় পার করছেন নাজমুল হুদা সাগর, ব্যাংকক যাত্রার আগে দোয়া প্রার্থনা

Reporter Name

এস কে রবিউল ইসলাম, খুলনা : টানা দুই মাস অসুস্থ থাকার পর পায়ের লিগামেন্টের জটিল অস্ত্রোপচারের জন্য থাইল্যান্ডের ব্যাংকক যাচ্ছেন খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) নাজমুল হুদা চৌধুরী সাগর। ব্যাংককের বিখ্যাত বামরুনগ্রাদ হাসপাতালে তার এই অস্ত্রোপচার সম্পন্ন হবে। যাত্রার আগে তিনি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সান্নিধ্যে গিয়ে দোয়া, ভালোবাসা ও সার্বিক পরামর্শ গ্রহণ করেন।

​সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় নাজমুল হুদা চৌধুরী সাগর নিজের চিকিৎসার পাশাপাশি মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, আগামীকাল শনিবার ঢাকার ধানমন্ডির হারুন আই হাসপাতালে তার মায়ের চোখে একটি জটিল অস্ত্রোপচার অনুষ্ঠিত হবে। চিকিৎসকের পূর্বনির্ধারিত সময়ের কারণে মাকে হাসপাতালের বেডে রেখে নিজেই বিদেশে যেতে হচ্ছে বলে মানসিকভাবে ভেঙে পড়েছেন এই রাজনৈতিক নেতা।

​বিগত দুই মাস শয্যাশায়ী থাকা অবস্থায় মা যেভাবে সেবা-শুশ্রূষা করেছেন, সে কথা স্মরণ করে তিনি বলেন, “পরিবারের এই কঠিন সময়ে একসঙ্গে দুইজনের চিকিৎসা নিয়ে আমরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছি। মহান আল্লাহ আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছেন। মায়ের এই কঠিন সময়ে পাশে থাকতে না পারাটা অত্যন্ত কষ্টের।”

​আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার মাকে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করে সবার মাঝে ফিরিয়ে আনেন এ জন্য দেশবাসী ও খুলনাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে বিপদে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “জাজাকাল্লাহ খাইরান।” ​উল্লেখ্য, হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নাজমুল হুদা চৌধুরী সাগরের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং সার্বিক খোঁজখবর নিচ্ছেন।