November 5, 2026, 11:34 am

ডুমুরিয়ায় নতুন এসি ল্যান্ড হিসেবে মো. সোহেল রানার যোগদান

Reporter Name

সাব্বির খান ডালিম, ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড হিসেবে যোগদান করেছেন মো. সোহেল রানা। সোমবার (৫ অক্টোবর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে ডুমুরিয়া উপজেলা ভূমি অফিসে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জানা গেছে, ডুমুরিয়ায় যোগদানের পূর্বে তিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অত্যন্ত সুনাম, দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন, খাস জমি উদ্ধার ও জনবান্ধব ভূমি সেবা প্রদানে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।

দায়িত্ব গ্রহণের পর নবাগত এসি ল্যান্ড মোঃ সোহেল রানা বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ যাতে দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত ভূমি সেবা পায় সেজন্য আমি কাজ করে যাব। ডুমুরিয়ায় ভূমি সংক্রান্ত সকল সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করছি।” এদিকে ডুমুরিয়ায় নতুন এসি ল্যান্ডের যোগদানে স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।