November 5, 2026, 11:25 am

ডুমুরিয়ায় কেন্দ্রীয় কালীবাড়ী মঠে একাদশী উপলক্ষ্যে পারণ পর্ব অনুষ্ঠান

Reporter Name

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : খুলনার ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী ও মঠ প্রাঙ্গণে প্রথা অনুযায়ী ১৫ দিন পরপর পালিত একাদশী ব্রত উপলক্ষ্যে ভাবগম্ভীর ও উৎসবমুখর পরিবেশে পারণ পর্ব অনুষ্ঠান বুধবার রাত ৮ টায় ​অনুষ্ঠিত হয়েছে। রাধা কৃষ্ণের চরণ পিয়াসী সংঘ এর ভক্তবৃন্দের আয়োজনে এবং ডুমুরিয়া কেন্দ্রীয় কালীবাড়ী ও মঠ কমিটির সার্বিক তত্ত্বাবধানে এই ধর্মীয় অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে দল-মত নির্বিশেষে শতেক ভক্ত ও পুণ্যার্থীর আগমন ঘটে। পুরো মঠ প্রাঙ্গণ ভক্তদের হরিনাম সংকীর্তন ও ভক্তিপূর্ণ উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক মেম্বার গাজী আবদুল আজিজ। ​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে গাজী আবদুল আজিজ বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এমন ধর্মীয় ও সামাজিক মেলবন্ধন আমাদের সমাজে পারস্পরিক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে। সব ধর্মের মানুষের মধ্যে এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আবহ বজায় থাকুক এটাই আমাদের প্রত্যাশা। সুন্দর এই আয়োজনের জন্য আমি আয়োজক ও মঠ কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই।

​ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পারণ পর্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ ও পর্যাপ্ত অন্নসেবার ব্যবস্থা করা হয়। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে উৎসবের সমাপ্তি ঘটে।