November 5, 2026, 3:49 pm

ডুমুরিয়ায় পরিবহনের ধাক্কায় গাবতলার নার্সারী ব্যবসায়ীর মৃত্যু 

Reporter Name

সাব্বির খান ডালিম: খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের ধাক্কায় মিলন ভদ্র কার্তিক (৫৮) নামের এক নার্সারী ব্যবসায়ী মারা গেছেন। বুধবার ভোর ৬টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা এলাকার মৃত উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নার্সারী ব্যবসায়ী  মিলন ভদ্র কার্তিক বুধবার ভোরে তিনি তার মোটর সাইকেলে করে বেশ কিছু গাছের চারা নিয়ে কৈয়া বাজার অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে গুটুদিয়া স্কুলের সামনে পৌঁছালে পেছন থেকে ঢাকা গামী ইমাদ পরিবহন তাকে ধাক্কা দিয়ে রাস্তার ওপর ফেলে দেয় ‌।

তখন তার কোমরের নিচের অংশ থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ডুমুরিয়া থানা ও হাইওয়ে পুলিশ টীম আর ফায়ার সার্ভিস কর্মীদের যৌথ উদ্যোগে মরদেহটি উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে মেডিকেল রিপোর্ট শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে। নিহত মিলন ভদ্র কার্তিক এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। নার্সারী ব্যবসায়ীর পাশাপাশি তিনি গাবতলা বাজারে স্বর্ণের কাজ করতেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নিহতের আত্মার শান্তি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে

গাবতলা বাজারের ব্যবসায়ীরা অর্ধ বেলা দোকান বন্ধ রেখেছেন। এ প্রসঙ্গে হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মুন্সী পারভেজ আহমেদ বলেন, ইমাদ পরিবহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন। পরিবহনের চালক বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।