November 5, 2026, 3:50 pm

অনুসন্ধানী সাংবাদিকতা থামাতেই কি মেহেদী হাসানকে গ্রেপ্তার? প্রতিবাদ সাংবাদিক মহলে

Reporter Name

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের সাংবাদিক ও দৈনিক সাতক্ষীরা দিগন্তের অনলাইন পোর্টালের সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসানকে ঢাকার মগবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৩। তাঁর গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক নেতারা। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং তাঁর সঙ্গে আইনানুগ আচরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসআরবি-৩-এর একটি আভিযানিক দল তাঁকে আটক করে বলে জানা গেছে। মেহেদী হাসান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আবাদচণ্ডীপুর গ্রামের এবাদুল হকের ছেলে। তারঁ পরিবারের দ্বায়ের করা সিআর ৫৬৭/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সহকর্মীদের দাবি, মেহেদী হাসান দীর্ঘদিন ধরে এলাকায় সাংবাদিকতা করে আসছেন। সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ গুরুত্ব দিতেন তিনি। স্থানীয় বিভিন্ন অনিয়ম, অসংগতি ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ও পক্ষ তাঁর ওপর অসন্তুষ্ট ছিল বলে অভিযোগ তাঁদের।

সহকর্মী সাংবাদিকদের অভিযোগ, মেহেদী হাসানকে রাজনৈতিক পরিচয়ের তকমা দিয়ে তাঁর পেশাগত কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। অনুসন্ধানী সাংবাদিকতার কারণে তাঁর বিরুদ্ধে ক্ষুব্ধ ব্যক্তিদের কেউ কেউ তাঁকে হয়রানি করার চেষ্টা করেছেন বলেও দাবি তাঁদের।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক তারিক লিটুর মতে , কোনো সাংবাদিকের প্রকাশিত সংবাদে কেউ সংক্ষুব্ধ হলে প্রচলিত আইন ও যথাযথ প্রক্রিয়ায় তার প্রতিকার চাইতে পারেন। কিন্তু সাংবাদিকতার কারণে কাউকে হয়রানি করা হলে তা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের পরিবেশের জন্য উদ্বেগজনক। মেহেদী হাসানের বিরুদ্ধে থাকা মামলার প্রকৃতি, অভিযোগের সত্যতা এবং গ্রেপ্তারের প্রেক্ষাপট স্বচ্ছভাবে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, মেহেদী হাসানকে গ্রেপ্তারের পর থানায় তাঁর সঙ্গে নির্যাতনমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর এক সহকর্মী সাংবাদিক। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক মহলের প্রতিনিধিরা। মেহেদী হাসানের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে সাংবাদিক, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, মামলার বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে এবং একই সঙ্গে তাঁর নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনি অধিকার নিশ্চিত করতে হবে।

সুন্দরবন সাংবাদিক ফোরাম সাংবাদিক মেহেদি হাসানের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছে , সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিকের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকলে সেটির বিচারও আইন অনুযায়ী হতে হবে। তাঁরা মেহেদী হাসানের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তাঁর সঙ্গে কোনো ধরনের নির্যাতন বা হয়রানি হয়ে থাকলে তার সুষ্ঠু অনুসন্ধান এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।