November 5, 2026, 4:25 pm

ডুমুরিয়া সদরে পূজামণ্ডপ পরিদর্শন ও ভক্তদের সাথে চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল কাদের

Reporter Name

গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : ​শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও মহানবমীর আনন্দঘন মুহূর্তে খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া সদর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বিশিষ্ট সমাজসেবক, স্থানীয় জননেতা ও ডুমুরিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুল কাদের। অষ্টমী ও নবমীর এই দুই দিনব্যাপী কার্যক্রমে তিনি প্রতিটি মণ্ডপে ঘুরে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সুষ্ঠুভাবে পূজা উদযাপনের জন্য মন্দির ও পূজা কমিটির হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

​মহাঅষ্টমীর অঞ্জলি প্রদান ও মহানবমীর বিশেষ আনুষ্ঠানিকতার সময় তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার সার্বজনীন পূজামণ্ডপগুলোতে উপস্থিত হন। এ সময় তিনি পূজারি, ভক্ত ও আয়োজকদের খোঁজখবর নেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।

​পূজামণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে শেখ আব্দুল কাদের বলেন, মহাঅষ্টমী ও মহানবমীর এই দিনগুলো আনন্দ ও উদযাপনের। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় এই দুর্গোৎসব। ডুমুরিয়ায় দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে। আপনাদের এই আনন্দের উৎসবে সামান্য সহযোগিতা নিয়ে আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত।

​শেখ আব্দুল কাদেরের এই আকস্মিক ও আন্তরিক উপস্থিতিতে মণ্ডপগুলোর পরিবেশ আরও উৎসবমুখর হয়ে ওঠে। পূজা উদযাপন কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁর এই উদার সহায়তা ও শুভকামনার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক মেম্বার জুনাবআলী ঢালী,আব্দুল কালাম,মোঃ শিমুল,মোঃ মনির, মোঃমিন্টু, আউবআলী,সেকেন্দার, মোঃ মশিউর, মোঃ ইয়াছিন, রবিউল জোয়ার্দার ও স্থানীয় বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, পূজা কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।