November 5, 2026, 3:57 pm

খুলনা থেকে একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার গ্রেপ্তার

Reporter Name

​এস কে রবিউল ইসলাম, খুলনা: খুলনা জেলার একাধিক হত্যা মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রভুক্ত আসামি অনুপম মহলদারকে (৪৫) গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ।
​আজ মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) ভোর আনুমানিক ৩:৩০ মিনিটের দিকে বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানাধীন হাটবাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত অনুপম মহলদার বটিয়াঘাটা থানার হাটবাটি এলাকার নিভান মহলদারের ছেলে।

​জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মে ২০২৬ তারিখে বটিয়াঘাটা থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় (মামলা নং-০৪, ধারা: ৩০২/৩৪ দণ্ডবিধি) তদন্তে অভিযুক্ত আসামি হিসেবে অনুপম মহলদারের নাম উঠে আসে। এরপর থেকে পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল। ​আরও ৩টি হত্যা মামলা ও চাঞ্চল্যকর সবুজ হত্যাকাণ্ড: গ্রেপ্তারকৃত অনুপমের অপরাধের ইতিহাস পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে, তার বিরুদ্ধে পূর্বেও ৩টি পৃথক হত্যা মামলা রয়েছে।

​এর মধ্যে খুলনা মহানগরীর বহুল আলোচিত হাবিবুর রহমান সবুজ হত্যা মামলার অন্যতম অভিযুক্ত এই অনুপম মহলদার। ২০১৯ সালের ৭ মার্চ নগরীর বিভিন্ন এলাকা থেকে যুবক সবুজের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছিল, যা সে সময় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) তদন্ত শেষে যে ৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করে, তার মধ্যে অনুপম মহলদার অন্যতম।

​এছাড়া ২০১৩ সালে খুলনা মেট্রোপলিটন পুলিশের খালিশপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলা (ধারা: ৩০২/২০১/৩৪ দণ্ডবিধি) এবং ২০১৪ সালে ফুলতলা থানায় দায়েরকৃত অপর একটি হত্যা মামলায় (ধারা: ৩০২/২০১ দণ্ডবিধি) পুলিশের দেওয়া চার্জশিটেও অভিযুক্ত হিসেবে তার নাম রয়েছে। ​চুরি মামলায় সাজাপ্রাপ্ত: হত্যা মামলার পাশাপাশি এই আসামির বিরুদ্ধে ২০০৯ সালে বটিয়াঘাটা থানায় দায়ের করা একটি চুরি মামলায় অভিযোগপত্র (নং-১৭৬, তারিখ: ১২/১১/২০০৯) দাখিল করা হয়েছিল। ওই মামলায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দণ্ড প্রদান করেন। ​বটিয়াঘাটা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত অনুপম মহলদারের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।