ডুমুরিয়া, খুলনা প্রতিনিধি: টানা বৃষ্টি ও নদীর পানি বৃদ্ধির কারণে খুলনার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা এখনো কাটেনি। একইসাথে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ডুমুরিয়া সদর, টিপনা, শোভনা, আটলিয়া সহ অন্তত ৮-১০টি ইউনিয়নের রাস্তা-ঘাট, বাজার ও নিম্নাঞ্চলের বাড়ি-ঘরে হাঁটু থেকে কোমর সমান পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত ১৫ দিন ধরে পানি জমে আছে।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতার সাথে পাল্লা দিয়ে বেড়েছে বিদ্যুৎ সংকট। দিনে ৮-১০ বার লোডশেডিং হচ্ছে। রাতেও ২-৩ ঘন্টা পরপর বিদ্যুৎ যায়। ফলে পানিবন্দি মানুষ মোবাইল চার্জ, পানি তোলা সহ নিত্য প্রয়োজনীয় কাজ করতে পারছে না।
ডুমুরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী রাকিব হোসেন বলেন, “রাস্তায় পানি আর কারেন্ট নাই। সন্ধ্যার পর বাসায় পড়াশোনা করাই যায় না। ফোনেও চার্জ থাকে না।”ব্যবসায়ীরা বলছেন, টিপনা বাজার সহ বিভিন্ন বাজারে পানি ঢোকায় দোকানপাট বন্ধ। ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত পানি নিষ্কাশন ও বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।”পল্লী বিদ্যুৎ ডুমুরিয়া অফিস সূত্রে জানা গেছে, সাব-স্টেশনে লোড বেশি থাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে।
এদিকে দীর্ঘদিন পানি জমে থাকায় ডায়রিয়া, চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত জলাবদ্ধতা নিরসন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন।
#ডুমুরিয়া #খুলনা #জলাবদ্ধতা #লোডশেডিং #দৈনিকখুলনারসংবাদ