গাজী সোহেল আহমেদ, ডুমুরিয়া প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং মরহুম খান অলী মনসুর এর সুযোগ্য পুত্র খান জিয়াউর রহমান (জীবন) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী ও মহানবমী তিথিতে তিনি ১০নং ভান্ডারপাড়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উৎসবমুখর পরিবেশে ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং বিভিন্ন মন্দির কমিটির হাতে ব্যক্তিগত পক্ষ থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন।
এ সময় খান জিয়াউর রহমান (জীবন) বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি আমাদের পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সম্প্রীতির এক মহা মিলনমেলা। আমার মরহুম পিতা খান অলী মনসুর আজীবন এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তাঁর আদর্শকে বুকে নিয়ে আমিও ভান্ডারপাড়া ইউনিয়নের সকল ধর্ম-বর্ণের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, ভান্ডারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে পুরো ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করবেন। মহাঅষ্টমী ও মহানবমীর এসব পূজামণ্ডপ পরিদর্শন ও অর্থ সহায়তাকালে তার সাথে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার ছাত্রদলের সদস্য সচিব জি এম মনিরুজ্জামান সোহাগ,মোহন খান সহ স্থানীয় বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।