September 20, 2026, 2:48 am
শিরোনাম:
ক্রিকেটারদের দলবদলে ফিরতে পারে ‘প্লেয়ার্স বাই চয়েস’ উগ্রপন্থি গ্রুপের ১২ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ দফা দাবি ইরানে পণ্যের অস্বাভাবিক দাম, যুদ্ধ বন্ধে তৎপরতা অব্যাহত কখন বুঝবেন সম্পর্ক ভেঙে যাচ্ছে? কেশবপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ১১ নেতাকর্মী গ্রেপ্তার… দেশে স্মার্টফোন উৎপাদন শুরু, পাওয়া যাবে ৪ হাজার টাকায়: অর্থমন্ত্রী রূপসায় বৈঠার ছন্দে মুখরিত বান্ধাখাল, ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত পশ্চিম শোভনা ইউরেকা ক্লাব ও ভায়না সবুজ সংঘের হাডুডু ম্যাচ অনুষ্ঠিত

উগ্রপন্থি গ্রুপের ১২ জনকে গ্রেপ্তার দেখাল পুলিশ

Reporter Name

উগ্রবাদী তৎপরতায় জড়িত সন্দেহে রাজধানীর তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড আবেদনে বলা হয়, তারা সহিংস ঘটনা ঘটানোর উদ্দেশ্যে মসজিদে একত্র হন।

রিমান্ড মঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন শিহাব উদ্দিন, মারজুক আহমেদ, সাইফুর রহমান খান, রাম্মি মিয়া, কামিছুল ইসলাম, সাজ্জাদ হোসেন, আফিফ আহমেদ, মোহাইমিনুল হক, জাওজি চৌধুরী, শাহাদাত হোসেন, সাকিব আহমেদ ও জুনায়েদ আহমেদ। আটক অন্য ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই শেষে সন্দেহভাজন ১২ জনকে হেফাজতে নেয় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ ঘটনায় সিটিটিসির পক্ষে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তারদের মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। সেখানে তথ্যপ্রমাণ পেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। বাকি ১১ জনের অপরাধ সম্পৃক্ততা নিশ্চিত না হওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ।

সিটিটিসি সূত্রে জানা যায়, শেরেবাংলা নগর থানার জিডির সূত্রে ১২ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতে হাজির করা হয়। তাদের মধ্যে শিহাব উদ্দিনের বিরুদ্ধে আগেও উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। নরসিংদীর পলাশ থানায় তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে, যা বিচারাধীন। আর মারজুক আহমেদের বিরুদ্ধে তেজগাঁও থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।

গ্রেপ্তারদের রিমান্ডে নেওয়ার আবেদনে সিটিটিসির পরিদর্শক আখতার মোর্শেদ বলেন, ‘মিট-আপ’ নামে একটি গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ওই ১২ জন। তারা ওই গ্রুপের মাধ্যমে উগ্রবাদী বক্তব্য উপস্থাপন ও নিজেদের মধ্যে যোগাযোগ করতেন। নাশকতার উদ্দেশ্যে তারা একত্র হয়েছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, শুক্রবার সিটিটিসি ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, উগ্রবাদ ছড়ানো এবং সহিংস ঘটনা ঘটানোর উদ্দেশ্যে কয়েক যুবক তেজগাঁও কলেজ মসজিদে একত্র হয়েছেন। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তখন ওই স্থানে বৈঠকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

এর আগে শুক্রবার তেজগাঁও কলেজ মসজিদের দোতলা থেকে ২৩ জনকে আটক করে পুলিশ। তাদের প্রথমে শেরেবাংলা নগর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযুক্ত ১২ জনকে সিটিটিসি কার্যালয়ে নেওয়া হয়। পুলিশ জানায়, শিহাব উদ্দিনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জনের একটি দল মসজিদের দোতলায় বৈঠক করছিল। গোয়েন্দা তথ্যে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়।